খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দুর্জনীমহল এলাকার জনবহুল শহীদের মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত জয় ঢালী উপজেলার আইচগাতী ইউনিয়নের আতিয়ার ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার পর দুর্জনীমহলের শহীদের মোড় এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে জয় ঢালীর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তাকে জবাই করার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়।
রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে জয় ঢালীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে হত্যাকাণ্ডের পর দুর্জনীমহলের শহীদের মোড় ও আব্দুলের মোড় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে ওই এলাকা অনেকটা জনশূন্য হয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রথম দর্পণ,ডেস্ক