অতি বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানান, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১০৯ মিলিমিটার।
তিনি জানান, সোমবার দিনভর চট্টগ্রাম ও আশপাশের এলাকায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অতি বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যায়।
সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এ সুযোগে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করেছেন নগরবাসী।
এদিকে বৃষ্টির পানি ঢুকে নগরীর বিভিন্ন এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানেও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বহদ্দারহাটের খাজা রোডের বাসিন্দা হাবিব বলেন, ‘সামান্য বৃষ্টিতেই আমাদের নিচতলায় পানি উঠে যায়। আজ সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে।’
অতি বৃষ্টির ফলে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রথম দর্পণ,ডেস্ক