সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।
পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. গোলাম মুক্তাদীরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। অপর আসামি আলমগীর হোসেনকে একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত একটি ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে। টিটিসি নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চলছে। তবে বিভিন্ন এলাকার পক্ষ থেকে নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপনের দাবি উঠেছে।
এ অবস্থায় টিটিসি নির্মাণের স্থান নির্ধারণের বিষয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। শনিবার বিকেলে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়নুল হক।
সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত, শিবিরের নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরাও উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের দাবি, সভার শুরুতেই জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
পরে সংসদ সদস্য আয়নুল হক টিটিসির স্থান নির্ধারণে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে সভাস্থল ত্যাগ করার সময় তাঁর গাড়িতে আচমকা হামলা চালানো হয়। এ সময় তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার জন্য স্থানীয় জামায়াত ও এনসিপি নেতাদের দায়ী করেছে বিএনপি। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। তারা এ ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনার নিন্দা জানান তিনি।
সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার