অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়।
তিনি বলেন, খেলোয়াড়দের দৃঢ় মানসিক শক্তি, অসাধারণ দলীয় সংহতি, সহনশীলতা এবং দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই এই অবিস্মরণীয় জয় এসেছে। কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার।
জামায়াত আমির আরও বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবে।
একই সঙ্গে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রথম দর্পণ,ডেস্ক