ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমে তার বাড়ির কাছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ের ভেতরে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উদ্ধার হওয়া সুইসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি সারাজীবন কোনো ধরনের দুর্নীতি বা ঘুষের সঙ্গে জড়িত ছিলেন না। বিভিন্ন দুর্নীতির ঘটনায় তাকে মিথ্যাভাবে জড়ানোর অভিযোগ তুলে নোটে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়াকে নিজের ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার পর আশিস বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন।
তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বীরভূমের রামপুরহাট আসন থেকে তিনি পাঁচবার বিধায়ক নির্বাচিত হন। ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছর তিনি রামপুরহাটের বিধায়ক ছিলেন।
ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক