ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২; সুনামি সতর্কতা জারি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৮ দুপুর
  • ৪৮৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিক ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টার মধ্যে তিনটি আফটারশক অনুভূত হয়। এসব আফটারশকের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মাউমেরে বন্দরে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ভূমিকম্পের পর স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে মাউমেরে বন্দরসহ আশপাশের এলাকার বেশ কিছু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। মাউমেরে অঞ্চলের আশপাশের এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের সৈকত ও নদীর তীর থেকে দূরে সরে গিয়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad