যুক্তরাজ্যের কট্টর ডানপন্থি নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয় পেয়েছেন। প্রত্যাশা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে হারিয়ে আসনটি ধরে রেখেছেন তিনি।
নির্বাচনের ফল অনুযায়ী, ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট।
ভোট গণনা শেষ হওয়ার আগেই শুক্রবার সমর্থকদের সামনে নিজেকে বিজয়ী ঘোষণা করেন ফারাজ। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
ফারাজের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ, এর আগে থেকেই তিনি এই নির্বাচনি এলাকার এমপি ছিলেন। এছাড়া এবার যুক্তরাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর কেউই এই আসনে প্রার্থী দেয়নি।
নির্বাচনে ফারাজ ও কাউন্ট বিনফেসের পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র এবং তুলনামূলকভাবে কম প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তারা কেউই উল্লেখযোগ্য ভোট পেয়ে শীর্ষ দুই প্রার্থীর কাছাকাছি যেতে পারেননি।
ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা করা হয়। ফলাফল ঘোষণার সময় মঞ্চে থাকা প্রার্থীদের একে অপরকে অভিনন্দন জানাতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের অনেকেই ১০০টিরও কম ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে ভোট পড়েছে ৪৪ শতাংশ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে একই আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের ক্ষেত্রে এবারের ভোটার উপস্থিতিকে অস্বাভাবিক মনে করা হচ্ছে না।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টার কিছু পর নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যালট পেপার দীর্ঘ হওয়ায় ভোট গণনায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগতে পারে।
সূত্র: আমার দেশ অনলাইন

প্রথম দর্পণ,ডেস্ক