পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, সমঝোতা স্মারকটি (এমওইউ) অক্ষরে অক্ষরে এবং এর মর্ম অনুযায়ী বাস্তবায়ন করাই অগ্রগতির একমাত্র পথ।
ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। গত জুনে স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকের মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইশাক দার জানান, বৈঠকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ইশাক দার। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান সমঝোতা স্মারকের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
সূত্র: আলজাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক