বিশ্বের ৩৬টি দেশে পরিচালিত পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক মতামত জরিপে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে নেতিবাচক চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ভারতের প্রতি সবচেয়ে বেশি বিরূপ মনোভাব দেখা গেছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তানে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৬টি দেশে ৪২ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, ভারতের কয়েকটি নিকটবর্তী ও গুরুত্বপূর্ণ দেশের মানুষের মধ্যে দেশটির প্রতি নেতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাবকে ছাড়িয়ে গেছে।
বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ভারতের প্রতি অনাস্থার প্রবণতা স্পষ্ট হয়েছে। জরিপ অনুযায়ী, বাংলাদেশে অংশ নেওয়া ৫১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে ৪২ শতাংশ মানুষের।
বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে জরিপের এই ফলাফলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করেছে।
মালয়েশিয়াতেও ভারতের ভাবমূর্তি তুলনামূলকভাবে নেতিবাচক। দেশটির প্রায় ৫৮ শতাংশ মানুষ ভারতের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। অর্থাৎ, সেখানে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবের তুলনায় নেতিবাচক মনোভাবই বেশি।
জরিপে কয়েকটি পশ্চিমা ও এশীয় দেশেও ভারতের বিষয়ে জনমত বিভক্ত কিংবা নেতিবাচক প্রবণতার দেখা মিলেছে। যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি জনমত প্রায় সমানভাবে বিভক্ত বলে জরিপের তথ্যে উঠে এসেছে।
পিউ রিসার্চ সেন্টারের এই জরিপের ফলাফল বলছে, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রভাব বাড়লেও বিভিন্ন দেশের সাধারণ মানুষের মধ্যে দেশটির গ্রহণযোগ্যতা সব ক্ষেত্রে সমানভাবে বাড়েনি। বরং কিছু গুরুত্বপূর্ণ দেশে ভারতের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক মনোভাব নয়াদিল্লির জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা ও পিউ রিসার্চ সেন্টার

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক