আল-জাজিরা
ইরানের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার। তিনি বলেছেন, এত দিন প্রতিরক্ষামূলক অবস্থানে থাকা ইরান এখন আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে। একই সঙ্গে শত্রুদের ‘কৌশলগত চমক’ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন তিনি।
আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন।
তার মতে, সামরিক নীতিতে এই পরিবর্তন ইরানের কৌশলগত মতাদর্শে গুরুত্বপূর্ণ রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা এবং তা অতিক্রম করতে ইরানের সামরিক কৌশল পরিবর্তন হচ্ছে—শত্রুদের জন্য এটিই স্পষ্ট বার্তা বলেও মন্তব্য করেন তিনি।
জাভানি নতুন আইআরজিসি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে দেওয়া দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ওয়াহিদি ‘সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ’ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
জাভানির ব্যাখ্যা অনুযায়ী, এই কৌশলের আওতায় ইরানের সশস্ত্র বাহিনী কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিলেও তা কার্যত আক্রমণাত্মক রূপ নেবে। এর লক্ষ্য হবে শত্রুর হুমকি আগে থেকেই শনাক্ত করে তা নিষ্ক্রিয় করা।
জাভানি বলেন, ‘শত্রুর জানা উচিত, তারা আমাদের আকস্মিকভাবে চমকে দিতে পারবে না। বরং কৌশলগত চমকের জন্য শত্রুকেই প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরো বলেন, ইরানের ভূখণ্ড রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুর হুমকি নিষ্ক্রিয় করতে যা প্রয়োজন, তা যথাযথ সময়ে করা হবে।
ইরানের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক রদবদলের পর আইআরজিসির এই কমান্ডারের বক্তব্য সামনে এল। এর মাধ্যমে দেশটির নতুন সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ্যে এলো বলে মনে করা হচ্ছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক