ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে ইসলাম ও মুসলিমদের প্রতি গভীর শ্রদ্ধার কথা জানিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
সম্প্রতি সৌদি আরবের দৈনিক ‘ওকাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, তিনি ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান পোষণ করেন। তার মুসলিম স্ত্রীকে নামাজ পড়তে দেখতেও তার ভালো লাগে। তবে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সত্য নয়।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের এক নেতার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক আইনপ্রণেতার বক্তব্যের পর সেই খবর আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাকে ইসলামি রীতিতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাওয়ায় তার ইসলাম গ্রহণের গুঞ্জন আরও জোরালো হয়।
তবে বিষয়টি ব্যাখ্যা করে রবার্তো কার্লোস জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখেই তাদের বিয়ের অনুষ্ঠান ভিন্ন ভিন্ন রীতিতে আয়োজন করা হয়েছিল। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের জন্য ক্যাথলিক রীতি অনুসরণ করে আয়োজন করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য ইসলামি রীতিতেও পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবার্তো কার্লোস জানান, ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরির সঙ্গে ফুটবল-সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে তার পরিচয়। প্রায় দুই বছর ধরে তারা ব্যক্তিগত ও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
সূত্র: সৌদি গেজেট

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স