সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের খেলাধুলা ও বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এলাকায় পরিচালিত সাপ্তাহিক শিক্ষা কার্যক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় পরিচালিত এ শিক্ষা কার্যক্রমটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
শিশুদের পড়াশোনার পরিবেশকে আরও আনন্দময় ও উৎসবমুখর করতে এদিন তাদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের আশা, খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতিও তাদের আগ্রহ বাড়বে।
এ ছাড়া শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকে শিশুদের পড়াশোনার অগ্রগতি ও মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন সময়ে তাদের পুরস্কৃত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পুরস্কার পাওয়ায় শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ ও আগ্রহ আরও বেড়েছে।
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘তাদের অপরাধপ্রবণতার জগতে যাতে কেউ ঠেলে দিতে না পারে এবং স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য তাদের মধ্যে ন্যূনতম শিক্ষার আলো থাকা প্রয়োজন।’
তিনি বলেন, ‘তারা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত নয়। ফলে খেলাধুলা ও বিনোদন থেকেও অনেকটা দূরে থাকে। তাই তাদের খেলাধুলার বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খেলাধুলার সুযোগ তাদের শিক্ষার প্রতিও আগ্রহী করে তুলবে।’
শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়া কয়েকজন পথশিশু জানায়, এ ধরনের উদ্যোগ তাদের জন্য নতুন অভিজ্ঞতা। পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও সুযোগের অভাবে তারা নিয়মিত এসব কার্যক্রমে অংশ নিতে পারে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করা গেলে তাদের স্বাভাবিক ও সুন্দর জীবনযাপনের পথ আরও সহজ হবে। একই সঙ্গে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বার্থান্বেষী মহলের অপব্যবহার থেকে সুরক্ষা দেওয়াও সম্ভব হবে।

প্রথম দর্পণ,ডেস্ক