রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন ফারহানা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৩ রাত
  • ৪৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ নির্বাচনকে ‘অর্থহীন ও প্রহসনের’ নির্বাচন হিসেবে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ভোট না দেওয়া ছয় সংসদ সদস্যের একজন রুমিন ফারহানা।

ভোটদানে বিরত থাকার বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, এ নির্বাচন অর্থহীন ও প্রহসনের। কারণ ভোটের ফলাফল নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলে সেটিকে নির্বাচন বলা যায় না। ভোটের ফলাফল কী হবে, তা আগে থেকেই সবার জানা ছিল। তার ভাষায়, এটি নির্বাচন নয়, বরং মনোনয়ন।

রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, এত বড় একটি গণ-অভ্যুত্থানের পর কেন একজন অরাজনৈতিক ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হলো না। তিনি বলেন, ওই গণ-অভ্যুত্থানের সঙ্গে জাতির আত্মত্যাগ ও অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে সবাই মিলে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা যেত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ভোটের আগে দলের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। অথচ ২০১৬ সাল থেকে বিএনপি তাদের ভিশন-২০৩০ নিয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে মতপ্রকাশের বিষয়ে কথা বলে আসছে। এখন দলের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিলের কথা বলা হচ্ছে—এমন ভোটে তিনি কেন অংশ নেবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রুমিন ফারহানা ছাড়া ভোট না দেওয়া অন্য পাঁচ সংসদ সদস্য হলেন—বিদেশে চিকিৎসাধীন বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad