কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার ঋণ, চুক্তিতে ৪২ ব্যাংক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০৯:০২ রাত
  • ৩৯১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কৃষি ও পল্লী খাতে অর্থায়ন বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় ইতোমধ্যে দেশের ৪২টি ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ জুন থেকে তিন বছর মেয়াদি এ স্কিম চালু হয়েছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। শস্য ও ফসল উৎপাদন, কৃষি যন্ত্রপাতি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের পাশাপাশি গ্রামীণ ও পল্লী এলাকায় আয় উৎসারী কর্মকাণ্ডেও এ স্কিমের আওতায় ঋণ নেওয়া যাবে।

স্কিমের আওতায় একজন গ্রাহক শস্য ও ফসল খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। আয় উৎসারী কর্মকাণ্ডসহ অন্যান্য পল্লী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লাখ টাকা এবং কৃষি যন্ত্রপাতি খাতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ বা বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়া ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য শস্য ও ফসল চাষে এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ধরনের ঋণের ক্ষেত্রে শুধু শস্য-ফসল দায়বদ্ধকরণ ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে কৃষি খাতে অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি পল্লী এলাকায় আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad