দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তবে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের ছয়জন সদস্য ভোট দেননি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে। পড়া সব ভোটই বৈধ হিসেবে গণ্য হয়েছে। ফলে ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
ভোট না দেওয়া ছয় সংসদ সদস্যের মধ্যে রয়েছেন বিএনপির মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ওসমান ফারুক। তাঁদের মধ্যে মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও ভোট দিতে আসেননি।
জানা গেছে, খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণা করেন সিইসি। ভোটের হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।

প্রথম দর্পণ,ডেস্ক