বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
রিজভী বলেন, শর্তসাপেক্ষে বন্ধুত্ব হয় না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে উঠতে হবে।
তিনি বলেন, সমতা, পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাকে ভিত্তি করেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন। বাংলাদেশ অন্য দেশকে যেমন আমন্ত্রণ জানাবে, তেমনি অন্যান্য দেশের আমন্ত্রণও গ্রহণ করবে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ভারত যদি কোনো স্বার্থের শর্ত ছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তাহলে সরকার সেটিকে সাধুবাদ জানাবে। তবে কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয় থাকলে বাংলাদেশ তাতে এগোবে না। ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এর বাইরে কোনো কিছু হলে বিএনপি সরকার তাতে সম্মতি দেবে না।
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।
এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক