বিএনপি মুখে এক কথা বললেও কাজে তার বিপরীত অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা হয়নি।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি। সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হলে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানিত হতো বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করছে না। বরং দলটি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করছে।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক