দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
তিনি বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে জনগণের সঙ্গে তামাশা করছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকারের মন্ত্রীরা বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে মোবাইল চার্জ দেওয়ার বিষয়টি উল্লেখ করছেন। আবার গ্রামে লম্বা পুল হওয়ায় সেটি ভেঙে গেলে মেরামতে সময় লাগে—এমন ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। মন্ত্রীদের এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার যেভাবে বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ চলমান জনদুর্ভোগের দায়ও পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের জঞ্জালের ওপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে। অথচ বিদ্যমান সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি কিংবা স্বল্পমেয়াদি কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না।
তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি পূরণ করে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের দাবি আদায়ের লড়াই সংসদ ও সংসদের বাইরে চালিয়ে যেতে হবে। সরকার যদি গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে গ্রহণ করে এবং জনগণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে বিরোধীদল সরকারকে সহযোগিতা করবে।
তবে সরকার যদি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি উপেক্ষা করে এবং আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটতে থাকে, তাহলে জনগণের দাবি আদায়ে রাজপথেই সমাধান হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি ও ভূমিকা রাখার আহ্বান জানান নূরুল ইসলাম বুলবুল।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি ও ড. আব্দুল মান্নান, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম প্রমুখ।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার