সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১০৮ জন রোগী সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়নি।
মৃত শিশুটির বয়স চার মাস। তার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের ১৯ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০৮ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩১৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন রয়েছেন।
এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৯৮৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে, নিশ্চিত হাম রোগীর সংখ্যা সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে। হাসপাতালগুলোতে সন্দেহজনক রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক