চট্টগ্রামে গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫১ রাত
  • ২৯৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকা থেকে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। তিনি একসময় ঢাকার আলোচিত অপরাধী পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায়।

পুলিশ জানায়, এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারের পর মাসুদুল করিমকে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে। ফরিদগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় তিনি ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের অভিযানে পিচ্চি হান্নান নিহত হওয়ার পর মাসুদুল করিম আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. শামছুল হক ভূঁইয়ার হাত ধরে মাসুদুল করিম ফরিদগঞ্জে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। একপর্যায়ে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ওই সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল বলে স্থানীয়রা জানান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ফরিদগঞ্জ ও চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad