ভোলার বোরহানউদ্দিনে এক যুবককে নির্জন স্থানে আটকে রেখে মারধর, ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
বহিষ্কৃতরা হলেন—টবগী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন ও সহদপ্তর সম্পাদক মো. ইমন হাওলাদার।
মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভুক্তভোগী মো. আল-মামুন মিঠুর অভিযোগ, গত ১৫ আগস্ট জন্মদিনের দাওয়াত দেওয়ার কথা বলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে থাকা অর্থ এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মিঠু। এ ঘটনায় তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত দুই নেতা মো. মেহেদী হাসান পলিন ও মো. ইমন হাওলাদার। তাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা কোনো ধরনের টাকা-পয়সা নেননি বলেও জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযোগের তদন্ত চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক