টানা প্রায় ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী–দৌলতদিয়া–ফরিদপুর রুটে ফের বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে এ রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর বাস চলাচল শুরু হলেও গোল্ডেন লাইন পরিবহনকে ঘিরে স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের এখনো স্থায়ী সমাধান হয়নি।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে স্থানীয় লোকাল বাস মালিকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রাজবাড়ী ও ফরিদপুরের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে থ্রি-হুইলার, মাহেন্দ্র ও অটোরিকশায় গন্তব্যে যাতায়াত করেন।
স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে আপত্তি ওঠে। পরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনগুলোর উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন সর্বোচ্চ চারটি ট্রিপ পরিচালনা করতে পারবে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই সিদ্ধান্ত অমান্য করে গোল্ডেন লাইন ধীরে ধীরে বাস ও ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে। কোনো কোনো দিন এ পরিবহনের প্রায় ২৮টি ট্রিপ চলাচল করেছে বলেও অভিযোগ তাদের। এ নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মঙ্গলবার সকালে গোল্ডেন লাইনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে বাধা দেন স্থানীয় শ্রমিকেরা। এর জেরে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে নিরাপত্তার স্বার্থে রাজবাড়ী–ফরিদপুর ও দৌলতদিয়া–ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকেরা।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েল ও সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুকুমার ভৌমিক বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু করা হয়েছে। তবে বিভাগীয় কমিশনারের আগের সিদ্ধান্ত অনুযায়ী গোল্ডেন লাইনকে চারটির বেশি ট্রিপ পরিচালনা করতে দেওয়া হবে না। বিরোধের এখনো স্থায়ী সমাধান হয়নি, তবে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। দ্রুত সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক