চট্টগ্রামের সিভিল সার্জন পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। অন্যদিকে, বর্তমান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে সরিয়ে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। অপরদিকে, ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে পদোন্নতি ও বদলির মাধ্যমে চট্টগ্রামের সিভিল সার্জন পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী বলেন, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের আরও কয়েকটি জেলায় সিভিল সার্জন পদে পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণে ব্যর্থ হলে ২৫ আগস্ট থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক