অভিনয় জগতের ব্যস্ততার মধ্যেই এবার করপোরেট পেশায় নতুন অধ্যায় শুরু করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি। তাঁর নতুন পেশায় যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর অভিনয় থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সরাসরি নাকচ করেছেন এই অভিনেত্রী।
বুধবার (১৯ আগস্ট) নিজের নতুন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জানিয়ে তমা মির্জা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। সেখানেই আমি আছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি এই নতুন পেশাতেও সময় দেব।’
নতুন চাকরিকে জীবনের ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’
নতুন কর্মজীবনের খবর জানিয়ে ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তমা। ছবিটি প্রকাশের পর সহকর্মী ও তারকারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে অভিনয় থেকেও আপাতত বিরতিতে যাচ্ছেন না তমা মির্জা। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। এরই মধ্যে নির্মাতা ভিকি জাহেদের নতুন একটি প্রজেক্টে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে করপোরেট পেশার পাশাপাশি অভিনয়েও নিয়মিত থাকার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
অর্থাৎ, নতুন পেশায় যুক্ত হলেও অভিনয়কে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তমা মির্জার। বরং পেশাগত জীবনের দুই ভিন্ন ক্ষেত্রেই নিজেকে এগিয়ে নিতে চান তিনি।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স