হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানবসভ্যতার জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশকে শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও মানবকল্যাণেরও সরাসরি সম্পর্ক রয়েছে। বিশ্ববাজারে হালাল খাদ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়েই এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত ‘থিংক হালাল, গ্রো গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ রয়েছে। দুই দেশ নিজেদের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ এবং বিশ্ববাজারে এ খাতের পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হালাল পণ্যের বৈশ্বিক চাহিদার কথা উল্লেখ করে তিনি উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, বিনিয়োগকারীদের জন্য সঠিক ধারণা, তথ্য, জ্ঞান ও সুনির্দিষ্ট ব্যবসায়িক কাঠামো তৈরি করা প্রয়োজন। ধারণা ও জ্ঞানের যথাযথ সমন্বয় ঘটাতে পারলে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের মধ্যেও হালাল পণ্যের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়বে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, কুয়ালালামপুর সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, তা দুই দেশের গভীর বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি মালয়েশিয়া সরকার এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শুধু কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার ওপরও এ সম্পর্ক প্রতিষ্ঠিত। হালাল শিল্প দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ নতুন ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখতে পারে।
সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার শাহিদ বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক