সার্বভৌমত্ব রক্ষায় নজরুলের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিজভীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৭ সকাল
  • ১৩৩৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী ও চেতনা থেকে প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ছিলেন যুগান্তরের কবি। যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি মানুষকে শিখিয়েছেন। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তাঁর সাহিত্য ও আদর্শ প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ে নজরুলের চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে। এখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়।

দ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পাঁচ দশক পরও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর কবিতা ও গান বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক।

১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা নজরুল পরবর্তী সময়ে বাংলা সাহিত্য ও সংগীতে অসামান্য অবদান রাখেন। কবিতা, গান, গজল, হামদ-নাত, নাটক ও শ্যামাসংগীতসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি সৃষ্টি করেছেন কালজয়ী সব রচনা।

নজরুলের সৃষ্টিশীল জীবনের সময়কাল ছিল প্রায় ২৩ বছর। এই স্বল্প সময়েই তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেন অসংখ্য সাহিত্যকর্মে। তাঁর লেখনীতে শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য ও মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

নজরুলের সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্রোহ ও মানবমুক্তির প্রত্যয়। তাঁর কবিতা ও গান আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সাহস ও প্রেরণা জোগায়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad