সীমান্তে চোরাচালান-মাদক ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৫ দুপুর
  • ৫৫১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা, সহযোগিতার আশ্বাস

চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাতে বিজিবির মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি ও বিজিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মহাপরিচালক সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের বিভিন্ন উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত রক্ষার পাশাপাশি পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধেও বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমান্ত নজরদারি ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে বিজিবিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad