লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, কমেছে তাপমাত্রা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ রাত
  • ১৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে তাপমাত্রা কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর দুদিন বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও রোববার থেকে তা আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৮৪ মিলিমিটার। রাজধানী ঢাকায় হয়েছে ২১ মিলিমিটার। বৃষ্টির কারণে আগের কয়েক দিনের তুলনায় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

তিনি জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বুধবারের পূর্বাভাস

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়ায় সাম্প্রতিক সময়ের তুলনায় তাপমাত্রা কমেছে। কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে বৃষ্টির প্রবণতা কমলে তাপমাত্রা আবারও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবারের পর দুই দিন বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। এরপর রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষার শেষভাগে বৃষ্টি ও রোদের পালাবদল আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad