কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বড় ধরনের শুল্কছাড়

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও সাধারণ ভোক্তাদের স্বস্তি ফেরাতে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বড় ধরনের শুল্কছাড় দিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য দুটির আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

গতকাল সোমবার প্রকাশিত এক বিশেষ সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটি জারি করেন।

শুল্ক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক—দুই ক্ষেত্রেই ছাড় দেওয়ায় আমদানি পর্যায়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এর ফলে স্থানীয় বাজারে কাঁচা মরিচ ও টমেটোর খুচরা মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১৭ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচা মরিচ ও টমেটো দেশের বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের মধ্যে অন্যতম। তবে মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এসব পণ্যের বাজারমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় সরকার বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে বাজারে এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে প্রজ্ঞাপনের সংযুক্ত শুল্ক টেবিল অনুযায়ী, কাস্টমস শুল্কায়নের সুবিধার্থে পণ্য দুটির বিবরণ ও এইচএস কোড নির্ধারণ করা হয়েছে।

কাঁচা মরিচের জন্য হেডিং ০৭.০৯-এর অধীনে এইচএস কোড ০৭০৯.৬০.১৯ এবং টমেটোর জন্য হেডিং ০৭.০২-এর অধীনে এইচএস কোড ০৭০২.০০.১৯ নির্ধারণ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad