বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, ঋণ বিতরণে নিয়ম পরিবর্তন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ রাত
  • ৪৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরাসরি ব্যাংক থেকে ঋণ পাবেন উদ্যোক্তারা

দেশের বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ঋণ বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে এখন থেকে উদ্যোক্তারা সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। ব্যাংক নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে পুনঃঅর্থায়নের আবেদন করবে। আগে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে গ্রাহককে ঋণ দেওয়ার ব্যবস্থা ছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

স্কিমের নামেও পরিবর্তন

নতুন সার্কুলারে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিম’-এর নাম পরিবর্তন করে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম’ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় ঋণ বিতরণের আগে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অথবা নির্বাহী কমিটির অনুমোদন নিতে হবে। ঋণ বিতরণের পরবর্তী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পুনঃঅর্থায়নের আবেদন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা সম্ভব না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

আগের ব্যাংক থেকেই ঋণ পাওয়ার অগ্রাধিকার

নতুন নির্দেশনায় ঋণগ্রহীতাদের জন্য ব্যাংক নির্বাচনের ক্ষেত্রেও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। কোনো উদ্যোক্তা আগে যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিয়েছেন, ওই ব্যাংক থেকেই নতুন স্কিমের আওতায় ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া ঋণের অর্থের সব ধরনের লেনদেন গ্রাহকের এসক্রো অথবা রেভিনিউ হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে ঋণের অর্থের ব্যবহার ও লেনদেনের ওপর ব্যাংকের নজরদারি নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

ঋণগ্রহীতার বিষয়ে বাড়তি যাচাই

নতুন নির্দেশনায় ঋণগ্রহীতার অতীত আর্থিক কর্মকাণ্ড যাচাইয়ের শর্তও যুক্ত করা হয়েছে। ঋণপ্রত্যাশী গ্রাহক অতীতে অর্থপাচার, জালিয়াতি, ঋণের অর্থ অন্য খাতে সরিয়ে নেওয়া কিংবা তহবিলের অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন না—এ মর্মে ব্যাংককে তার কাছ থেকে ঘোষণাপত্র নিতে হবে।

অর্থাৎ, নতুন ব্যবস্থায় ঋণ বিতরণের আগে ব্যাংকের নিজস্ব যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ঋণ বিতরণের পর বাংলাদেশ ব্যাংক নির্ধারিত শর্ত অনুযায়ী পুনঃঅর্থায়নের আবেদন করতে হবে।

বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচল করার লক্ষ্যে নেওয়া ২০ হাজার কোটি টাকার এ স্কিমে নতুন নিয়ম কার্যকর হওয়ায় ঋণ বিতরণে ব্যাংকগুলোর সরাসরি ভূমিকা আরও বাড়ল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad