বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে এতে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের প্রত্যাশা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয় বৈঠকে তুলে ধরেছেন জামায়াত আমির।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা বৈঠকে তুলে ধরেছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামীর আন্তরিক ভূমিকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের রায় সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মেনে চলার পক্ষে মত দেন। কোনো ধরনের ভিন্নমত ছাড়াই গণভোটের রায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতি স্পষ্ট বার্তা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।
এ সময় দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের চিত্রও তুলে ধরেন জামায়াত আমির।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, ইলেকট্রনিক গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় সচেতনতা ও ঐক্য সৃষ্টিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতাও খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক