বুধবার বিকেল ৩টার দিকে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। সভা সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির বাবু।
সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে সভা শেষে নেতাকর্মীরা বিদ্যালয় থেকে বের হওয়ার সময় রাস্তার অপর পাশে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ফটিকের এক সমর্থক পানি, পানির বোতল ও জুতা নিক্ষেপ করলে অপর পক্ষ থেকে ইটপাটকেল ছোড়া হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মী শাখাওয়াত টিপু ও ফখরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তাঁর নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলেন। আকবর হোসেনের লোকজন অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন। তাঁর পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে বের হওয়ার সময় বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মী তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বিনা উসকানিতে হামলা চালান। এতে তিনি, তাঁর স্ত্রীসহ প্রায় ৪০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

প্রথম দর্পণ,ডেস্ক