বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ বলেন, দণ্ডপ্রাপ্তরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম ও তার মেয়ে সেলিনা বেগম এবং মারুফ উল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর রাতে মাদক উদ্ধারে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রংপুর থেকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোবাশেরা বেগম ও সেলিনা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
অন্য মামলাটি হয় ২০১৩ সালের ৯ মার্চ। ওই রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র্যাব-১২। রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নাহার এন্টারপ্রাইজের একটি বাস থামিয়ে তল্লাশি চালানোর সময় যাত্রী মারুফ উল ইসলামের পায়ের নিচে থাকা ব্যাগ থেকে ৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব-১২ বাদী হয়ে মামলা করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার পৃথক দুটি মামলায় মা-মেয়েসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক