জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ লালদিঘি

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ বিকাল
  • ১০৭০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়েছে। শনিবার বিকেল ৪টার আগেই ময়দানটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দুপুরের পর থেকে লালদিঘি ময়দান ছাড়িয়ে নিউমার্কেট, হকার্স মার্কেট, কোতোয়ালি মোড়, কাজীর দেউড়ি, লাভলেইন, সিআরবি মোড়, টাইগারপাস ও আন্দরকিল্লা এলাকায় মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যার দিকে ময়দানে আর তিল ধারণের জায়গা ছিল না।

কক্সবাজার, তিন পার্বত্য জেলা, চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরের ১৬টি থানা থেকে নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। ফেনী ও কুমিল্লা থেকেও নেতাকর্মীরা যোগ দেন। তাঁদের হাতে থাকা পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানারে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সমাবেশস্থলে চট্টগ্রাম মহানগর, জেলা ও কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যেই এ লংমার্চের আয়োজন করা হয়েছে। লংমার্চটি মিরসরাই অতিক্রম করে সীতাকুণ্ডের কাছাকাছি পৌঁছেছে। জামায়াত নেতারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার মধ্যে কেন্দ্রীয় নেতারা লালদিঘি ময়দানে পৌঁছানোর কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মাওলানা মামুনুল হকসহ এনসিপি, খেলাফত মজলিস ও এবি পার্টির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও বিভিন্ন বার্তা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad