শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মিন্টু দুই শিশুকে নিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তাঁর হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে এলে শিশুটিকে বাঁচাতে মিন্টু দৌড়ে যান। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় রাহাত গুরুতর আহত হয়।
পরে রাহাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)