সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারি জায়গা দখলমুক্ত করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদ করা জায়গায় প্রশস্ত আরসিসি সড়ক নির্মাণের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য বড় আকারের ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত ও নির্বিঘ্নে শেষ করতেই সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সড়ক বিভাগ, জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ, সওজের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ সাইফুল্লাহ এবং জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অনিয়মতান্ত্রিকভাবে অবস্থানের বিষয়টি দখলদার ও ব্যবসায়ীরা নিজেরাই স্বীকার করেছেন। এ কারণে অভিযানে কোনো বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয়রাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেছেন। ফলে কাউকে আটক বা কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, জেলা প্রশাসন ও সড়ক বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযানে দায়িত্ব পালন করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ সাইফুল্লাহ বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভাঙা রাস্তার মোড় পর্যন্ত সড়ক বিভাগের যেসব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, সেগুলো উচ্ছেদে তারা প্রস্তুত। এরই অংশ হিসেবে মঙ্গলবারের অভিযান পরিচালনা করা হয়েছে।
তথ্যসূত্র: আমার দেশ, জেলা প্রতিনিধি, ফরিদপুর; ১৫ সেপ্টেম্বর ২০২৬।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)