বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির একাধিক ছাত্রী হঠাৎ শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব অনুভব করতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে মঙ্গলবার দশম শ্রেণির সাত ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকেরা তাদের বাড়িতে নিয়ে যান। বুধবারের ২২ জনসহ দুই দিনে বিদ্যালয়টির মোট ২৯ ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকেরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনজনের শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কাঁকড়া পিংলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম বলেন, মঙ্গলবার দশম শ্রেণির সাত ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বুধবার দুপুরের পর ষষ্ঠ থেকে নবম শ্রেণির আরও ২২ ছাত্রী অসুস্থ হয়। দুই দিনে মোট ২৯ ছাত্রী অসুস্থ হয়েছে।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, ২২ শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। এরই মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ম্যাস সাইকোজেনিকের কারণে এমন ঘটনা ঘটে। এটিও ম্যাস সাইকোজেনিক সমস্যা বলে মনে হয়েছে।’
তথ্যসূত্র: কাঁকড়া পিংলু উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ ও পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)