শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসটি দিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার বাড়তে পারে বৃষ্টির বিস্তৃতি
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির বিস্তৃতি আরও কিছুটা বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তেতুলিয়ায় ১১৮ মিলিমিটার বৃষ্টি
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে।
লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স