শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দুটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
বাসটির যাত্রী বৃষ্টি আক্তার জানান, হঠাৎ বাসের চালক অজ্ঞান হয়ে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এরপর বাসটি দুটি মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স