আইফোন ছিনতাই ঠেকাতে গিয়ে অপ্রতিমকে হত্যা, পুলিশের বর্ণনায় ঘটনার বিবরণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ দুপুর
  • ২৭৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুমিল্লায় কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আইফোন নিতে বাধা দেওয়ায় অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।

রোববার দুপুরে কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার তদন্ত নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

যেভাবে হত্যার বর্ণনা পুলিশের

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে একটি জঙ্গলে অপ্রতিমের কাছ থেকে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে প্রথমে তুহিন এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করেন। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।

এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার বলেন, জিডির ভিত্তিতে অপ্রতিমের নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে তুহিনকে আটক করা হয়। পরে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অন্যদের নাম

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করেন, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় ফাহাদও জড়িত ছিলেন বলে তুহিনের কাছ থেকে তথ্য পাওয়া যায়।

পরে ফাহাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কামরুলের সম্পৃক্ততার কথা জানান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাসা থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুই দফা জানাজা, দাফন বাগমারায়

এদিকে দুই দফা জানাজা শেষে অপ্রতিমকে কুমিল্লার কোটবাড়ির বাগমারা গোরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাঠে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগমারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার ছেলের হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তবে একটি আইফোনের জন্য তাঁর ১৩ বছর বয়সী ছেলেকে হত্যা করা হয়েছে—এ বিষয়টি তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, অপ্রতিম যাদের সঙ্গে গিয়েছিল, তাদের নিজের বন্ধু মনে করেছিল। তাদের বিশ্বাস করেই সে পাহাড়ের দিকে গিয়েছিল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad