২২ বছরের যাত্রা শেষে থামছে ‘কফি উইথ করণ’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০৬:২২ বিকাল
  • ৬১৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, ক্যারিয়ার ও নানা বিতর্কের আলোচনায় দর্শকদের মাতিয়ে রাখা জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এবার বিদায়ের পথে। অনুষ্ঠানটির নবম মৌসুমই হবে শেষ সিজন। করণ জোহর নিজেই এ ঘোষণা দিয়েছেন।

২০০৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি এরই মধ্যে আটটি মৌসুম ও ১৬১টি পর্ব পার করেছে। দীর্ঘ এই সময়ে বলিউডের অসংখ্য তারকা অনুষ্ঠানের বিখ্যাত ‘কাউচে’ বসেছেন। তাদের কথোপকথন থেকে যেমন উঠে এসেছে ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য, তেমনি জন্ম দিয়েছে একাধিক বিতর্কেরও।

কঙ্গনার মন্তব্যে আলোচনায় স্বজনপোষণ

‘কফি উইথ করণ’-এর সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল কঙ্গনা রানাউতের মন্তব্য। পঞ্চম মৌসুমে সাইফ আলি খানের সঙ্গে অনুষ্ঠানে এসে কঙ্গনা করণ জোহরকে বলিউডের স্বজনপোষণের ‘পতাকাবাহক’ এবং ‘মুভি মাফিয়া’ হিসেবে উল্লেখ করেন। ঘটনাটি পরে বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দীপিকা-সোনমের মন্তব্য

তৃতীয় মৌসুমে দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরের উপস্থিতিও ব্যাপক আলোচনায় আসে। অনুষ্ঠানে রণবীর কাপুরকে নিয়ে তাদের বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে দীপিকার একটি মন্তব্যের পর রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

কারিনা-প্রিয়াঙ্কার কথার লড়াই

তৃতীয় মৌসুমের আরেক আলোচিত ঘটনায় কারিনা কাপুর প্রিয়াঙ্কা চোপড়ার উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। পরে অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা জবাব দেন। দুই অভিনেত্রীর সেই কথোপকথনও শোটির স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে।

আলিয়ার ভুল উত্তর

‘কফি উইথ করণ’-এ অভিষেকের সময় আলিয়া ভাটের একটি ভুল উত্তরও দীর্ঘদিন আলোচনায় ছিল। সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবর্তে পৃথ্বীরাজ চভানের নাম বলেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক ঠাট্টা-বিদ্রূপ হলেও পরে আলিয়া নিজেই বিষয়টি হাস্যরসের সঙ্গে নিয়েছিলেন।

ঐশ্বরিয়াকে নিয়ে ইমরানের মন্তব্য

চতুর্থ মৌসুমে র‍্যাপিড-ফায়ার পর্বে অভিনেতা ইমরান হাশমি ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। একই পর্বে মল্লিকা শেরাওয়াত সম্পর্কেও মন্তব্য করেছিলেন তিনি। পরে ঐশ্বরিয়াকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে ক্ষমা চাওয়ার ইচ্ছার কথা জানান ইমরান।

করণ জোহরের ঘোষণা অনুযায়ী, ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুম আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad