দশ বছরের সম্পর্কের পর আলাদা হলেন প্রীতম-শেহতাজ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ দুপুর
  • ২৬৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ হোসেইন। বিয়ের চার বছরের মাথায় সেই সংসারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দুজনই।

২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে শেহতাজের সঙ্গে তার পরিচয় হয়। কাজের সূত্রে গড়ে ওঠা সম্পর্ক একপর্যায়ে প্রেমে রূপ নেয়। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।

তবে ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

শেষ পর্যন্ত রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা।

প্রীতম হাসান তার ফেসবুক পোস্টে জানান, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে প্রায় এক দশকের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

প্রীতম আরও জানান, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে শেহতাজও তার ফেসবুক পোস্টে প্রায় এক দশকের সম্পর্কের পর পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনিও বলেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই উভয়ের জন্য ভালো।

একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজনই। পাশাপাশি ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলে জানিয়েছেন তারা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad