প্রতিনিধি, চবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধ করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
তারা সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চবিসাসের সহসভাপতি আজিম সাগর বলেন, গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সাংবাদিকদের ওপর হামলা ও তাদের কাজ বাধাগ্রস্ত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা অত্যন্ত দুঃখজনক।
চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনার কোনো একটিরও বিচার হয়নি। এভাবে চলতে থাকলে যেকোনো পক্ষের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিন দফা দাবিমানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়া; রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তায় সব অংশীজনের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করা।
তথ্যসূত্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও মানববন্ধনে দেওয়া বক্তাদের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক