স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হচ্ছে: হাসনাত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ রাত
  • ৩২৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, অপরাধের অভিযোগে বিচার নিশ্চিতের আহ্বান

মাদক নিয়ন্ত্রণ ও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যথাযথ ভূমিকা না থাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় তাঁর ওপর চাপানো হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘প্রতিমন্ত্রীকে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হবে?’

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, পরিস্থিতি কতটা অবনতি হলে একজন প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে হয়, তা ভাবার বিষয়।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে দায়িত্ব পালনের কথা, সেখানে একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হচ্ছে। তাঁর মতে, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইশরাক হোসেনকে এভাবে মাঠে নামতে হতো না।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে হাসনাত অভিযোগ করেন, দুর্নীতি, ঘুষ ও জমি দখলসংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে দাবি করেন তিনি।

হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। কেন একজন প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণে অস্ত্র হাতে রাস্তায় নামতে হলো, তার জবাবও দিতে হবে। এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাধারণ মানুষের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের হাতে অস্ত্র নেই। এমন পরিস্থিতিতে তাঁরা কী নিয়ে রাস্তায় নামবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

লাইসেন্সবিহীন অস্ত্রের অভিযোগে তদন্ত দাবি

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিমন্ত্রীর একটি ছবিতে তাঁর পেছনে পাভেল নামের এক ব্যক্তিকে লাইসেন্সবিহীন অস্ত্র হাতে দেখা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বড় ধরনের অপরাধের ক্ষেত্রে শুধু পদত্যাগ যথেষ্ট নয়। অপরাধের অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

একজন সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ ওঠার পর তাঁকে শুধু পদত্যাগ করানো হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, পদত্যাগকে অপরাধের শাস্তি হিসেবে বিবেচনা করা যায় না। অপরাধের প্রকৃতি অনুযায়ী তদন্ত ও আইনি ব্যবস্থা নিতে হবে।

পরে রাতে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad