জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে মনোনয়ন পেতে এখন থেকে স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে।
রোববার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ সালের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রিকে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
তবে মনোনয়নের ক্ষেত্রে একটি শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সর্বোচ্চ দুটি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন। এর বেশি প্রতিষ্ঠানে একই ব্যক্তি দায়িত্ব পালন করতে পারবেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের ফলে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সংশ্লিষ্ট পদে মনোনয়নের যোগ্যতার পরিধি বাড়ল।

প্রথম দর্পণ,ডেস্ক