লিসান্দ্রোকে পেতে ইউনাইটেডকে যে শর্ত দিল বার্সেলোনা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ বিকাল
  • ৫০৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কম দামে ছাড়তে হবে আর্জেন্টাইন ডিফেন্ডারকে, জানুয়ারির দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করতে চায় কাতালান ক্লাব

রক্ষণভাগের দুর্বলতা কাটাতে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগামী জানুয়ারির দলবদলে তাকে পেতে হলে ম্যানচেস্টার ইউনাইটেডকে একটি শর্ত মানতে হবে। বার্সেলোনার চাওয়া, অভিজ্ঞ এই ডিফেন্ডারকে তুলনামূলক কম দামে ছাড়তে হবে ইংলিশ ক্লাবটিকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো লিসান্দ্রোর পরিস্থিতির ওপর নজর রাখছেন। জানুয়ারির দলবদলে সম্ভাব্য সেন্টারব্যাকদের তালিকায় ২৮ বছর বয়সি এই আর্জেন্টাইনকে রেখেছে কাতালান ক্লাবটি।

তবে লিসান্দ্রোকে দলে নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতা। গ্রীষ্মকালীন দলবদলে একাধিক খেলোয়াড় দলে ভেড়ানোর পর নতুন করে বড় অঙ্কের অর্থ ব্যয় করার সুযোগ নেই ক্লাবটির। ফলে কম খরচে চুক্তি সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য।

বার্সেলোনার কোষাধ্যক্ষ ফেরান অলিভে সম্প্রতি ক্লাবের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ক্লাবের হাতে কিছু অর্থ উদ্বৃত্ত থাকলেও পরিমাণ খুবই সীমিত—মাত্র ৩০ থেকে ৪০ লাখ ইউরো। নতুন খেলোয়াড় দলে নিতে হলে বর্তমান স্কোয়াড থেকে অন্তত একজনকে বিক্রি করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে রক্ষণভাগে একের পর এক খেলোয়াড়ের চোট বার্সেলোনার উদ্বেগ বাড়িয়েছে। মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েছেন এরিক গার্সিয়া, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও হাভি এসপার্ত। এতে রক্ষণ সামলাতে অভিজ্ঞ একজন সেন্টারব্যাকের প্রয়োজনীয়তা অনুভব করছেন কোচ হ্যান্সি ফ্লিক। এই পরিস্থিতিতে লিসান্দ্রোকে সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করছে ক্লাবটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। জানুয়ারির দলবদলে তাকে বিক্রি করতে পারলে ইউনাইটেডও আর্থিকভাবে লাভবান হতে পারে। অন্যদিকে তুলনামূলক কম খরচে বাঁ পায়ের দক্ষ ও অভিজ্ঞ একজন ডিফেন্ডার পাওয়ার সম্ভাবনা দেখছে বার্সেলোনা।

তবে লিসান্দ্রোকে নিয়ে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা কিংবা কোনো চুক্তির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে মাঠের পারফরম্যান্সেও সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে দলটি। সর্বশেষ চেলসির বিপক্ষে ম্যাচেও হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েন লিসান্দ্রো। মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ওই ম্যাচে হার এড়াতে পারেনি ইউনাইটেড।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad