মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আখতারুজ্জামান।
এ সময় তিনি বলেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যের হবেই হবে, ন্যায়ের হবেই হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি, আমরা আল্লাহর শাসন কায়েম করার পক্ষে আছি, আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আছি।’
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বলেন, তাঁরা দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশের চেতনা বাস্তবায়নের পক্ষে রয়েছেন। জনগণের পাশে থাকা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এ জন্য সবার কাছে দোয়া চান।
কারামুক্তির পর তাঁকে দেখতে আসা দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের উপস্থিতি তাঁকে শক্তি জুগিয়েছে। জামায়াতের নেতাকর্মীদের এই সমর্থনে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমিরের নির্দেশনা নিয়ে কথা বলবেন
মামলার বিষয়ে বিস্তারিত সত্য প্রকাশের প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর নির্দেশনা নেবেন। এরপর যা সত্য, তা গণমাধ্যমকে জানাবেন।
তিনি বলেন, ‘জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্দেশ নিয়ে যা সত্য তা অবশ্যই আমি আপনাদের জানাব। কিন্তু তার আগে আমার দলের প্রধানের নির্দেশনা প্রয়োজন।’

প্রথম দর্পণ,ডেস্ক