দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে শঙ্কায় বাংলাদেশ, চোটে মাঠের বাইরে সাদমান

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ রাত
  • ৯০৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চলতি টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট করা নিশ্চিতভাবেই হচ্ছে না। চোটের মাত্রা বেশি হলে এক সপ্তাহ পর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন এই বাঁহাতি ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় এ চোট পান সাদমান। ইতোমধ্যে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়েছে। শনিবার স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর চোটের প্রকৃত অবস্থা এবং মাঠে ফিরতে সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমান আপাতত প্রথম ইনিংসে ব্যাট করার মতো শারীরিক অবস্থায় নেই।

তিনি বলেন, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তার একটা ইনজুরি আছে। কাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো কন্ডিশনে নেই।’

দিন শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ হাসান মাহমুদ সাদমানের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, সাদমান এখন বিপদমুক্ত এবং শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। তবে মাঠে ফিরতে কত দিন লাগবে, তা ফিজিওর মূল্যায়নের পর জানা যাবে।

যেভাবে চোট পেলেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যেই ঘটে দুর্ঘটনাটি। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। সীমানার দিকে ছুটে যাওয়া বলটি আটকাতে দৌড়ে যান সাদমান।

বাউন্ডারির কাছে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠে ছুটে যান দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা না কমায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।

ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর হাসপাতালে পাঠানো হয় এই ওপেনারকে। গোড়ালি ফুলে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিলেন না। এ কারণে তাকে হুইলচেয়ারে করে হাসপাতালে নিতে হয়।

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে অনিশ্চয়তা

সাদমানের এই চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের পাশাপাশি আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক সপ্তাহ পরই শুরু হওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। স্ক্যানের প্রতিবেদনে গুরুতর চোটের প্রমাণ মিললে ওই সিরিজে তার খেলা কঠিন হয়ে পড়তে পারে।

তবে এ মুহূর্তে সাদমানের মাঠে ফেরার নির্দিষ্ট সময়সীমা জানায়নি বিসিবি। স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad