ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। চলতি নভেম্বর মাসেই ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
তিনি জানান, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে যারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারাও বুয়েটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ কারণে ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগছে।
তবে এইচএসসিতে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারীরা এবার বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে মনে করছেন তিনি।
বুয়েটের আগের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তারিখ জানানো হয়েছিল।
ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বাছাই পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। আগের বছরগুলোতে প্রাথমিক বাছাই পরীক্ষার প্রচলন থাকলেও এবারও সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের সম্ভাবনা বেশি।
অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, শিগগিরই বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ভর্তি আবেদনের শুরুর তারিখসহ পরীক্ষা আয়োজনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তাদের জন্য পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশের কথা জানিয়েছে মন্ত্রণালয়।
এ পরিস্থিতিতে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। সেখানে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর বিষয়টি আলোচনায় আসে। পরে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটও পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে ভর্তি পরীক্ষা আয়োজনের অবস্থান জানিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক