অধ্যক্ষের পদত্যাগ এবং ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ‘জেগেছে রে জেগেছে, হোম ইকোনমিক্স জেগেছে’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, জবাব চাই’ এবং ‘আমার বোন আহত কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ঘোষিত দুই দফা দাবির প্রথমটি হলো—কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের লিখিত ঘোষণা না দেওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না।
দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা মধ্যরাতে কলেজ ও ছাত্রীদের আবাসিক হলে পুলিশের প্রবেশ, লাঠিচার্জ ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে জড়ো হতে থাকেন। তবে ক্যাম্পাসে সরকারি চাকরির একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে পূর্বঘোষিত দুই দফা দাবিতে বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক